ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ডেলসি রদ্রিগেজ জানান, জাতীয় প্রতিরক্ষা পরিষদের জরুরি বৈঠকের পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শীর্ষ সামরিক কর্মকর্তা এবং নিরাপত্তা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
ভাইস প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার সব রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা পরিষদকে স্থায়ীভাবে সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সমর্থনে ‘বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা’ সংক্রান্ত একটি ডিক্রি কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ডেলসি রদ্রিগেজ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযান ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এটি জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। তিনি এ ঘটনাকে ‘বহিরাগত আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট মাদুরোর আহবানে দেশজুড়ে সমর্থকেরা রাস্তায় নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ভাইস প্রেসিডেন্ট দেশবাসীকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, ভেনেজুয়েলা সংলাপে প্রস্তুত, তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কারাকাসে পরিচালিত এক অভিযানে নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেবে। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে।