| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাইজেরিয়ায় বাজারে বন্দুক হামলা, নিহত অন্তত ৩০

  • আপডেট টাইম: 05-01-2026 ইং
  • 132679 বার পঠিত
নাইজেরিয়ায় বাজারে বন্দুক হামলা, নিহত অন্তত ৩০

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশে একটি ব্যস্ত মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। হামলাকারীরা বাজারের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে।

স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নাইজার প্রদেশের ডেমো গ্রামের কাসুয়ান দাকি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন জানান, মোটরসাইকেলে করে আসা একদল সশস্ত্র ব্যক্তি বাজারে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, হামলার সময় সন্ত্রাসীরা কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেয় এবং ব্যাপক লুটপাট চালায়। স্থানীয়দের কাছে এই হামলাকারীরা ‘ডাকাত’ নামে পরিচিত। হামলার পর তারা কয়েকজন মানুষকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

হামলায় আহত দাউদা সাকুল্লে নামের এক ব্যক্তি বলেন, হামলাকারীরা নারী ও শিশুদেরও রেহাই দেয়নি। তিনি অভিযোগ করেন, ঘটনার সময় বাজারে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিল না।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। এক বিবৃতিতে তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং অপহৃতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ অঞ্চল, বিশেষ করে বন ও জঙ্গলঘেঁষা এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে প্রায় ৩০০ শিক্ষার্থীকে অপহরণ করে সশস্ত্র গোষ্ঠী। ওই শিক্ষার্থীদের সবাইকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪