| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইথিওপিয়ায় ট্রাক উল্টে ২২ অভিবাসনপ্রত্যাশী নিহত

  • আপডেট টাইম: 07-01-2026 ইং
  • 131558 বার পঠিত
ইথিওপিয়ায় ট্রাক উল্টে ২২ অভিবাসনপ্রত্যাশী নিহত

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আফার প্রদেশে একটি কার্গো ট্রাক উল্টে অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫ জন। নিহত ও আহত সবাই ইথিওপিয়ার নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার আফার প্রদেশের সিমেরা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে আফার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্ঘটনায় পড়া ট্রাকটিতে শতাধিক মানুষ ছিলেন, যারা চোরাই পথে অবৈধভাবে প্রতিবেশী দেশ জিবুতির উদ্দেশে যাত্রা করছিলেন। দুর্ঘটনাস্থলটি জিবুতির সীমান্ত থেকে কয়েক শ কিলোমিটার দূরে অবস্থিত।

আফার পুলিশের জনসংযোগ বিভাগ ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানায়, মানবপাচারকারী দালালদের প্ররোচনায় এসব নাগরিক এই বিপজ্জনক রুটে যাত্রা করেছিলেন। ভ্রমণপথের ঝুঁকি সম্পর্কে তাদের কোনো পূর্ব ধারণা ছিল না বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার পরপরই আফার প্রাদেশিক সরকারের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রাদেশিক সরকার। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রশাসন।

পূর্ব আফ্রিকার সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও জিবুতিকে একত্রে ‘হর্ন অব আফ্রিকা’ বলা হয়। এর মধ্যে ইথিওপিয়া ও ইরিত্রিয়া স্থলবেষ্টিত দেশ। অন্যদিকে, জিবুতি লোহিত সাগরের উপকূলে অবস্থিত হওয়ায় সেখান থেকে সাগরপথে ইয়েমেন ও সৌদি আরবে পৌঁছানো সম্ভব।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার লক্ষ্যে বহু ইথিওপীয় নাগরিক প্রথমে জিবুতিতে প্রবেশ করেন। এরপর লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে পৌঁছে সেখান থেকে সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশে যাওয়ার চেষ্টা করেন তারা।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ইথিওপিয়া-জিবুতি অভিবাসন রুটটি অত্যন্ত বিপজ্জনক। ২০২৫ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই পথে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯০ জন। আইওএম এই রুটকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে।

তবে এত ঝুঁকি থাকা সত্ত্বেও অভিবাসনপ্রত্যাশী ও মানবপাচারকারীদের কাছে এই রুটের ব্যবহার কমছে না। আইওএম-এর তথ্যমতে, বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত অভিবাসন রুট হিসেবেও বিবেচিত হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪