ভেনেজুয়েলার ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে ক্যারিবীয় সাগরে দেশটির আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ভেনেজুয়েলার মোট পাঁচটি তেলবাহী জাহাজ জব্দ করলো মার্কিন কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। বিবৃতিতে বলা হয়, পূর্ব তিমুরের পতাকা উড়িয়ে যাত্রা করা জাহাজটি আন্তর্জাতিক বাজারে অনুমোদনহীন ও নিষিদ্ধ তেল বহন করছিল। এ কারণে জয়েন্ট টাস্ক ফোর্সের অভিযানে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই ট্যাংকারটি জব্দ করা হয়।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের নথি অনুযায়ী জাহাজটির নাম ‘ওলিনা’। এর আগের নাম ছিল ‘মিনার্ভা এম’। রুশ তেল পরিবহনের সঙ্গে জড়িত থাকার কারণে জাহাজটির ওপর আগেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, উত্তর আটলান্টিকে জব্দ করা জাহাজটির ক্রুদের বিরুদ্ধে কোস্টগার্ডের নির্দেশ অমান্যের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিভাগটি।
উল্লেখ্য, গত বুধবার উত্তর আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী ‘ম্যানিরো’ এবং ক্যারিবীয় সাগর থেকে ‘এম সোফিয়া’ নামের দুটি জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। এর আগে গত ডিসেম্বরে ‘স্কিপার’ ও ‘সেঞ্চুরিস’ নামের আরও দুটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল মার্কিন বাহিনী।