| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

  • আপডেট টাইম: 12-01-2026 ইং
  • 127464 বার পঠিত
ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৫৩৮ জনে পৌঁছেছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যে ‘রেড লাইন’ বা সীমা অতিক্রম করতে শুরু করেছে। বিষয়টি যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে কয়েকটি ‘অত্যন্ত কঠিন বিকল্প’ বর্তমানে বিবেচনায় রয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান সরকার ওয়াশিংটনকে ‘ভুল হিসাব-নিকাশ’ না করার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে, ইরানি ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালানো হলে তার পাল্টা জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকে জনগণের অধিকার হিসেবে স্বীকার করলেও ‘দাঙ্গাবাজদের’ মাধ্যমে সমাজ অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না বলে কঠোর অবস্থান নিয়েছেন। সরকারের পক্ষ থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হলেও বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবিতে রাজপথে অনড় রয়েছেন।

মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানায়, গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন ২০২২ সালের পর ইরানের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে গত ১৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৩৮ জন, যাদের বেশিরভাগই সাধারণ বিক্ষোভকারী।

ইরান সরকার এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। পাশাপাশি গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে চরম বেগ পেতে হচ্ছে।

একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের ‘সহায়তা দিতে প্রস্তুত’ থাকার ঘোষণা দিচ্ছেন, অন্যদিকে তেহরান এটিকে ‘বিদেশি চক্রান্ত’ আখ্যা দিয়ে দমন-পীড়ন জোরদারের ইঙ্গিত দিচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর এই মুখোমুখি অবস্থান বিশ্বজুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪