| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • আপডেট টাইম: 12-01-2026 ইং
  • 127206 বার পঠিত
ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

তীব্র অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। একই সঙ্গে শিগগিরই ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিক্ষোভে নিহতদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের স্মরণে এই রাষ্ট্রীয় শোক পালন করা হবে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সহিংসতায় ১০০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। তবে বিরোধী কর্মীদের অভিযোগ, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি এবং এতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো সমন্বয়ের মাধ্যমে দ্রুত ইন্টারনেট পুনঃসংযোগ চালু করতে কাজ করছে। তিনি জানান, দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোর ইন্টারনেট সংযোগও পুনরায় চালু করা হবে।

বিক্ষোভ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে আরাগচি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও উসকে দিচ্ছে।

এরই মধ্যে চলমান সহিংসতার প্রেক্ষাপটে আগামীকাল সোমবার ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থনে জাতীয় বিক্ষোভের আহ্বান জানিয়েছে ইরান সরকার।

রোববার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, সরকার অর্থনৈতিক সমস্যা সমাধানে প্রস্তুত রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘দাঙ্গাবাজদের’ বিরুদ্ধে কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪