থাইল্যান্ডে একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন। একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে চলন্ত একটি ট্রেনের বগির ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার ( ১৪ জানুয়ারি ) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার ফলে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় এবং এখনো বগিগুলোর ভিতরে কিছু যাত্রী আটকা রয়েছেন। পুলিশ কর্মকর্তা কর্নেল তাতচাপোন চিন্নাউওং বলেন, “নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্রেন সরানোর কাজ চলছে এবং আশা করা হচ্ছে শিগগিরই সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।”
থাইল্যান্ডের কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকার্ন জানিয়েছেন, দুর্ঘটনার সময় ট্রেনে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন। যারা নিহত হয়েছেন, তারা ঘটনাস্থলেই মারা যান।
সরকার সম্প্রতি দেশজুড়ে দ্রুতগতির ট্রেন চালুর কাজ শুরু করেছে এবং ব্যাংকক-উবন রাতচাথানি লাইনের নির্মাণ কাজের অংশ হিসেবে আজ ভোরে কাজ চলছিল। কয়েক ঘণ্টার মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা আহতদের হাসপাতালে স্থানান্তরের পাশাপাশি আটকে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।