| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রিনল্যান্ড দখলে বিরোধীদের ওপর ‘শুল্ক অস্ত্র’ ব্যবহারের হুমকি ট্রাম্পের

  • আপডেট টাইম: 17-01-2026 ইং
  • 122337 বার পঠিত
গ্রিনল্যান্ড দখলে বিরোধীদের ওপর ‘শুল্ক অস্ত্র’ ব্যবহারের হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ড দখলের প্রশ্নে বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন এবং এ বিষয়ে কোনও আপস করা হবে না।

শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত না হলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর বড় ধরনের শুল্ক আরোপ করা হতে পারে। তবে কোন দেশগুলো এই শুল্কের আওতায় পড়তে পারে কিংবা কোন আইনি ক্ষমতাবলে এমন সিদ্ধান্ত নেওয়া হবে—সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ডেনমার্কের অধীনস্থ স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই আগ্রহ প্রকাশ করে আসছেন। সাম্প্রতিক সময়ে তিনি আরও কড়া অবস্থান নিয়ে বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের পথেও যেতে পারে। ভেনেজুয়েলার উদাহরণ টেনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে কী করতে পারে, তা বিশ্ব ইতোমধ্যেই দেখেছে।

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সীমিত আকারে সেখানে সেনা মোতায়েন করেছে। ডেনমার্কের অনুরোধে জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশের সামরিক সদস্যরা শুক্রবার গ্রিনল্যান্ডে পৌঁছান। একই সঙ্গে উত্তেজনা কমাতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা।

এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড বিষয়ক মার্কিন বিশেষ দূত জেফ ল্যান্ড্রি বলেন, যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে একটি চুক্তি হওয়া উচিত এবং শেষ পর্যন্ত সেটিই বাস্তবায়িত হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনা চালিয়ে যাচ্ছেন। আগামী মার্চে গ্রিনল্যান্ড সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

অন্যদিকে গ্রিনল্যান্ডে সামরিক হস্তক্ষেপকে ‘রাজনৈতিক বিপর্যয়’ বলে সতর্ক করলেও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, তার দেশ ইউরোপীয় সেনা মোতায়েনে অংশ নেবে না। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪