| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এইচআরএএনএর পরিসংখ্যান

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়ােলা ৩ হাজার

  • আপডেট টাইম: 17-01-2026 ইং
  • 122308 বার পঠিত
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়ােলা ৩ হাজার

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)-এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ তথ্য জানিয়েছে।

এইচআরএএনএ জানায়, সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত ৩ হাজার ৯০ জনের মৃত্যুর তথ্য যাচাই করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ২ হাজার ৮৮৫ জন বিক্ষোভকারী। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।

প্রায় আট দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকার পর দেশটিতে সীমিত আকারে সংযোগ ফিরে আসতে শুরু করেছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, প্রায় ২০০ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকালে সংযোগে সামান্য উন্নতি দেখা গেছে, যদিও তা স্বাভাবিকের মাত্র ২ শতাংশের কাছাকাছি।

দেশটির বিভিন্ন এলাকায় ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজধানী তেহরান টানা চার দিন ধরে তুলনামূলক শান্ত রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন কয়েকজন বাসিন্দা। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেলেও বড় ধরনের বিক্ষোভের কোনো চিহ্ন নেই। ক্যাস্পিয়ান সাগরের তীরবর্তী উত্তরাঞ্চলের একটি শহরেও রাস্তাঘাট শান্ত রয়েছে বলে জানা গেছে।

নাগরিকদের ভাষ্য অনুযায়ী, কঠোর দমন-পীড়নের কারণে বিক্ষোভ অনেকাংশে স্তিমিত হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে ব্যাপকভাবে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের খবর প্রচার করা হচ্ছে।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের জেরে ইরানে বিক্ষোভের সূত্রপাত হয়। পরবর্তীতে তা ইসলামি প্রজাতন্ত্রে ধর্মীয় শাসনের অবসান দাবিতে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। বিরোধী রাজনৈতিক গোষ্ঠী ও এক ইরানি কর্মকর্তার তথ্য অনুযায়ী, এটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা।

এদিকে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের নেতৃত্ব ৮০০ জনের বেশি নির্ধারিত ফাঁসি বাতিল করেছে। তবে ইরান সরকার এ ধরনের কোনো পরিকল্পনা বা বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ইরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী ও তীর্থযাত্রীরা জানিয়েছেন, সহিংসতার সময় তারা নিজ নিজ আবাসস্থলে আটকা পড়েছিলেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪