কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। চুক্তি অনুযায়ী, ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার করবে এবং ধাপে ধাপে সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত হবে।
রোববার (১৮ জানুয়ারি) ১৪ দফা বিশিষ্ট এই চুক্তিতে সরকারের পক্ষে স্বাক্ষর করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং এসডিএফ-এর পক্ষে স্বাক্ষর করেন তাদের শীর্ষ নেতা মাজলুম আবদি। চুক্তির আওতায় আরব সংখ্যাগরিষ্ঠ প্রদেশ দেইর আল-জোর ও রাক্কা থেকেও নিজেদের বাহিনী সরিয়ে নিতে সম্মত হয়েছে এসডিএফ।
চুক্তি অনুযায়ী, এসডিএফকে কেন্দ্রীয় সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করা হবে। পাশাপাশি আল-হাসাকা, দেইর আজ-জোর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সিরিয়া সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
চুক্তির পরবর্তী ধাপ হিসেবে সোমবার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও মাজলুম আবদির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভবিষ্যতে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি সম্পন্ন করা হবে, যদিও পুরো প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং হবে বলে তারা মনে করছে।
এদিকে যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের এই চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সমঝোতা সিরিয়ার ঐক্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
একই দিনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা টেলিফোনে কথা বলেন। আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।