| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা জারি

  • আপডেট টাইম: 19-01-2026 ইং
  • 121328 বার পঠিত
চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা জারি

দক্ষিণ আমেরিকার চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে অন্তত ২৪টি সক্রিয় বনাঞ্চলে আগুন জ্বলছে। দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক রবিবার জানান, মৃতের সংখ্যা এখন ১৮ এবং আশঙ্কা করা হচ্ছে এটি আরও বাড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে রাতের কারফিউ জারি করা হয়েছে।

নিরাপত্তামন্ত্রী লুইস কোরদেরো জানিয়েছেন, বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই দুটি অঞ্চল রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং আগুনের সবচেয়ে ভয়াবহ প্রভাব এখানেই দেখা দিয়েছে।

রোববারই প্রেসিডেন্ট বোরিক এই দুই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে এবং দেশের সশস্ত্র বাহিনী আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিসালদে সতর্ক করে বলেছেন, আগামী কয়েক দিনে অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণের কাজ আরও কঠিন হতে পারে। বায়োবিও ও নুবলে অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং অন্তত ২৫০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে বারবার ভয়াবহ দাবানল দেখা যাচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একসঙ্গে ছড়িয়ে পড়া দাবানলে দেশটিতে ১৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল। তখন প্রেসিডেন্ট বোরিক এটিকে ২০১০ সালের ভূমিকম্পের পর চিলির সবচেয়ে বড় জাতীয় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছিলেন।

সূত্র: আলজাজিরা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪