অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সেন্ট্রাল ওয়েস্ট অঞ্চলের শহর লেক কারজেলিগোতে স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। উদ্ধুত পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়ার পাশাপাশি হামলাকারী পলাতক থাকায় সেখানে বড় ধরনের পুলিশি অভিযান চলছে।
বৃহস্পতিবার শহরের ওয়াকার স্ট্রিটে, ইয়েলকিন স্ট্রিটের কাছে গুলির খবরে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছালে দুই নারী ও একজন পুরুষকে নিহত অবস্থায় দেখতে পান।
পুলিশের সহকারী কমিশনার এনএসডব্লিউ অ্যান্ড্রু হল্যান্ড সাংবাদিকদের জানান, গুলি ছোড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারা গাড়ির ভেতরে একজন পুরুষ ও একজন নারীকে মৃত অবস্থায় পান। এর কিছুক্ষণ পর কাছাকাছি এলাকায় আবারও গুলির খবরে পুলিশ আরও দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করলে তাদের মধ্যে একজন মারা যান। আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
সাম্প্রতিক সময়ে বন্ডাই বিচে ঘটে যাওয়া সহিংস ঘটনার প্রেক্ষাপটে পুলিশ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তবে একটি ছোট শহরের জন্য এটি ভয়াবহ ট্র্যাজেডি, যার প্রভাব পুরো কমিউনিটির ওপর পড়বে বলে মনে করছেন সহকারী কমিশনার অ্যান্ড্রু হল্যান্ড।
এদিকে ঘটনাস্থলকে অপরাধস্থল ঘোষণা করে হামলাকারীকে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। সংসদ সদস্য ও বারউন এলাকার প্রতিনিধি রয় বাটলার এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক খবর নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি রইলো সমবেদনা ।