ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের দোদা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ১০ সৈন্য নিহত এবং আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনীর স্থানীয় কর্মকর্তারা বলেছেন,বৃহস্পতিবার বুলেটপ্রুফ ক্যাসপির গাড়িতে করে সেনাবাহিনীর সদস্যরা দোদা জেলায় এক অভিযানে যাওয়ার পথে ভাদেরওয়া-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি এলাকায় রাস্তা থেকে ছিটকে গাড়িটি গিরিখাতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন,‘‘দোদায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী ১০ জওয়ানের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।শোকসন্তপ্ত পরিবারে প্রতি আমার গভীর সমবেদনা। এবং এই সেনাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সব সময় স্মরণে রাখব।'
কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর বলেন, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং ১০ সৈন্যকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।