কাতার, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্থ গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ৭ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এই আগ্রহ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “এই সাত দেশের সরকার তাদের নিজ নিজ প্রাসঙ্গিক আইনি ও অন্যান্য প্রয়োজনীয় নীতি অনুসারে যোগদানের নথিতে স্বাক্ষর করবে।' ইতোমধ্যে মিসর, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত গাজা বোর্ড অব পিসে যোগ দিয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর ২০টি দফা সম্বলিত গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে থামাতে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে ‘গাজা বোর্ড অব পিস’ গঠনের বিষয়ে উল্লেখ ছিল যে যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠিত হবে এবং এই সরকার পরিচালিত হবে ‘গাজা বোর্ড অব পিস’— এর নির্দেশনা অনুসারে।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গাজা বোর্ড অব পিসের সদস্যপদ পাবে এবং টেকনোক্র্যাট সরকারকে নির্দেশনা প্রদানের পাশাপাশি গাজার পুনর্গঠনের জন্য তহবিলের জোগাড় ও সেই তহবিলের ব্যয়ের ব্যাপারটিও দেখভাল করবে গাজা বোর্ড অব পিস। ট্রাম্পের এমন আমন্ত্রণে পাকিস্তান এবং ৭ মুসলিম রাষ্ট্রের বাইরে , হাঙ্গেরি, মরক্কো, কাজাখস্তান, আর্জেন্টিনা সেই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে। ।