যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক কলহের জেরে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বিজয় কুমার (৫১) নামে এক ভারতীয় নাগরিক গুলি চালিয়ে স্ত্রীসহ চারজনকে হত্যা করেন।
নিহতরা হলেন কুমারের স্ত্রী মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। ঘটনার সময় বাড়ির ভেতরে কুমারের তিনটি শিশু উপস্থিত ছিল। তারা দ্রুত একটি আলমারিতে লুকিয়ে প্রাণে বাঁচেন। সাহসী এক শিশু ৯১১-এ ফোন করে পুলিশকে খবর দেয়ার মাধ্যমে ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে সহায়তা করেন। পুলিশ শিশুদের নিরাপদভাবে পরিবারের এক সদস্যের কাছে হস্তান্তর করেছে।
সন্দেহভাজন বিজয় কুমারের বিরুদ্ধে গুরুতর হামলা, চারজনকে নিষ্ঠুরভাবে হত্যা, শিশুদের বিরুদ্ধে প্রথম ডিগ্রির নিষ্ঠুরতা এবং দুটি তৃতীয় ডিগ্রির নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
আটলান্টায় ভারতীয় কনস্যুলেট জেনারেলও এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সব সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।