শান্তিচুক্তি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু।
নিহত শিশুরা হলেন আল-জাওয়ারা পরিবারের ১৪ বছর বয়সী সালমান জাকারিয়া এবং ১৫ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ কামাল। গাজার আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় তারা প্রাণ হারায়।
এছাড়া দক্ষিণ ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় হামলায় আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জাবালিয়া ও বেইত লাহিয়ার কিছু এলাকায় হামলা চালানো হয়েছে—যেসব অঞ্চল থেকে চুক্তির আওতায় আগেই ইসরায়েলি সেনারা সরে গিয়েছিল। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় পৃথক এক হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত এবং একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গাজার কেন্দ্রীয় এলাকায় ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকেও গুলি চালানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭১ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৭১ হাজার ৩০০ জন আহত হয়েছে। শান্তিচুক্তি কার্যকর হওয়ার পরও হামলা অব্যাহত থাকায় এ পর্যন্ত আরও ৪৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৩১৩ জন আহত হয়েছে।