| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেক্সিকোয় ফুটবল মাঠে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১১

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 116926 বার পঠিত
মেক্সিকোয় ফুটবল মাঠে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১১

মেক্সিকোর একটি ফুটবল মাঠে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের সালামানকা শহরে একটি স্থানীয় ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ শেষে হঠাৎ করে একাধিক গাড়িতে করে আসা সশস্ত্র বন্দুকধারীরা দর্শকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। সে সময় অন্তত ১০০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, নিহত ১১ জনের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুলিবিদ্ধ আরও ১২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে গুয়ানাজুয়াতো প্রদেশে বিভিন্ন অপরাধী গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় এ হামলার পেছনে গ্যাং সহিংসতার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, এই হামলার একদিন আগেই সালামানকা শহরে পৃথক সহিংস ঘটনায় পাঁচজন নিহত এবং একজন অপহরণের শিকার হন।

প্রসঙ্গত, মেক্সিকোর এই প্রদেশটিতে সম্প্রতি গ্যাং সহিংসতা, মাদক পাচার ও হত্যাকাণ্ড উদ্বেগজনক হারে বেড়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪