| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশ্চিমবঙ্গেও 'জয় শ্রীরাম' না বলায় মারধর, লুটপাট

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 116802 বার পঠিত
পশ্চিমবঙ্গেও 'জয় শ্রীরাম' না বলায় মারধর, লুটপাট

ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী হরিশচন্দ্রপুর এলাকায় ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকৃতি জানানোয় চার মুসলিম যুবককে মারধর, লুটপাট ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে উগ্র হিন্দুত্ববাদী যুবকদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৬ জানুয়ারি) রাতে। জানা গেছে, হরিশচন্দ্রপুর থেকে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের গড়গড়ি এলাকায় একটি গাড়ি আটকে দেয় কয়েকজন দুষ্কৃতী। গাড়িতে থাকা চার যুবকের ধর্মীয় পরিচয় জানার পর তাদের জোর করে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার চেষ্টা করা হয়। তারা অস্বীকৃতি জানালে দুষ্কৃতীরা তাদের মারধর করে এবং সঙ্গে থাকা টাকা ও মালামাল লুট করে নেয়।

ভুক্তভোগীরা হলেন হরিশচন্দ্রপুর-২ ব্লকের দক্ষিণ তালসুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান, ইব্রাহিম আলী, শহিদ আনোয়ার ও মুজাহিদুল ইসলাম। 

তারা জানান, হামলাকারীরা তাদের মারধরের পাশাপাশি গাড়ির কাচ ভেঙে দেয় এবং ব্যাগে থাকা প্রায় ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীরা হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে গড়গড়ি এলাকার বাসিন্দা চন্দন মাহালি, সাগর মাহালি ও মিঠুন রজকসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

তবে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত চন্দন মাহালির পরিবার অভিযোগ অস্বীকার করেছে। চন্দনের মা শান্তি মাহালি দাবি করেন, জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর মতো কোনও ঘটনা ঘটেনি। তার বক্তব্য অনুযায়ী, দু’পক্ষের মারামারিতে আহত হয়ে চন্দন বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি পলাতক নন।

এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে নেমেছেন। তারা দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। বিক্ষোভকারীদের বক্তব্য, হামলাকারীরা কোনও ধর্মের প্রতিনিধি নয়, তারা অপরাধী। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪