| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

  • আপডেট টাইম: 28-01-2026 ইং
  • 116048 বার পঠিত
দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের সময় এই ব্যতিক্রমী প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। তবে প্রকল্পটির বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে বৈশ্বিক স্বর্ণবাণিজ্যে শক্ত অবস্থান তৈরি করেছে। ২০২৪–২৫ অর্থবছরে দেশটি প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। আমিরাতের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। বর্তমানে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণ কেনাবেচার কেন্দ্র হিসেবে পরিচিত।

নতুন এই ‘হোম অব গোল্ড’ বা স্বর্ণের আবাসস্থল হিসেবে পরিচিত দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে স্বর্ণ ও অলংকার সংশ্লিষ্ট সব ধরনের সুবিধা একই ছাতার নিচে পাওয়া যাবে। এর মধ্যে খুচরা বিক্রি, বুলিয়ন বা স্বর্ণের বার, পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ সেবাও অন্তর্ভুক্ত থাকবে।

বর্তমানে দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে সুগন্ধি, প্রসাধন সামগ্রী, স্বর্ণ ও লাইফস্টাইল খাতের এক হাজারেরও বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যেই জাওয়াহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিশক জুয়েলারির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড সেখানে তাদের ফ্ল্যাগশিপ শোরুম স্থাপন করেছে। পাশাপাশি জয়ালুকাস মধ্যপ্রাচ্যে তাদের বৃহত্তম শাখা হিসেবে ২৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাগশিপ শোরুম খোলার পরিকল্পনা ঘোষণা করেছে।

ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদারি বলেন, “দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, বিশালতা ও ব্যবসায়িক সুযোগের এক অনন্য সমন্বয়।”

অন্যদিকে দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের অধীন দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল খাজা বলেন, “স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। এই নতুন গন্তব্যের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে শুধু উদযাপনই করছি না, বরং সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের ভিত্তিতে একে নতুন যুগের জন্য প্রস্তুত করছি।”

বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’ নির্মাণের মাধ্যমে বৈশ্বিক স্বর্ণবাণিজ্যে দুবাইয়ের নেতৃত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪