ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অনুযায়ী, আজ বুধবার উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় উভয় কক্ষেই এই শোকপ্রস্তাব উপস্থাপন করা হবে। এএনআই-এর খবরে বলা হয়েছে, খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার প্রয়াণে আন্তর্জাতিক রাজনীতিতে শোকের ছায়া নেমেছিল।
ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের সূচনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে হবে। রাষ্ট্রপতির ভাষণের পর রাজ্যসভা ও লোকসভা নিজেদের কার্যতালিকা অনুযায়ী অন্যান্য প্রয়াত ভারতীয় সাংসদদের পাশাপাশি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে। রাজ্যসভায় এদিন সাবেক এমপি এল গণেশন ও সুরেশ কলমাদিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের স্মরণেও শোকপ্রস্তাব গ্রহণের সূচি রয়েছে।
ভারতের এই সংসদীয় অধিবেশন আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে। অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং বাজেট নিয়ে আলোচনা হবে। এছাড়া ২৯ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের সাবেক সরকারপ্রধানের প্রতি এই সম্মান প্রদর্শনকে কূটনৈতিক শিষ্টাচারের একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।