| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা: নিহত অন্তত ১২

  • আপডেট টাইম: 28-01-2026 ইং
  • 115750 বার পঠিত
ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা: নিহত অন্তত ১২

ইউক্রেনে রুশ বাহিনীর রাতভর ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং জ্বালানি অবকাঠামো ও একটি যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাটি সংঘটিত হয়েছে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে শান্তি আলোচনা শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে প্রায় ২০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের বগিতে ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেঙ্কো।

এই ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “একটি ট্রেনের বগিতে বেসামরিক মানুষ হত্যা করার কোনো সামরিক যুক্তি নেই, এমন কোনো যুক্তি থাকতে পারে না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ধোঁয়া ওঠা বগি দেখা গেছে। পরে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দক্ষিণের বন্দরনগরী ওডেসায়ও রুশ ড্রোনের হামলায় তিনজন নিহত এবং ৩০-এর বেশি আহত হয়েছেন। ওডেসা কৃষ্ণসাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্র এবং নিয়মিত রুশ হামলার লক্ষ্যবস্তু।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে গত সপ্তাহে রাশিয়া-ইউক্রেনের আলোচনার পরও জ্বালানি অবকাঠামোয় হামলা অব্যাহত রয়েছে। তীব্র শীতে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বহু ইউক্রেনীয়।

জেলেনস্কি তার টেলিগ্রামে লেখেন, “রাশিয়ার প্রতিটি আঘাত চলমান কূটনীতিকে ধ্বংস করছে এবং যুদ্ধ শেষ করতে যারা সহায়তা করছে, তাদের প্রচেষ্টাকেও দুর্বল করছে।”

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে বিদ্যুৎ, আলো ও তাপ সরবরাহ ব্যাহত হয়ে লাখো মানুষ বিপাকে পড়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর ১৬৫টি আক্রমণাত্মক ড্রোন ছোড়া হয়েছে। একইসাথে পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলের একটি অবকাঠামোতেও আঘাত এসেছে।

ফ্রন্টলাইনে রুশ বাহিনী ধীরে অগ্রসর হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, তারা জাপোরিঝঝিয়া ও খারকিভ অঞ্চলে আরও দুটি গ্রাম দখল করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪