ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই এগোতে দেওয়া উচিত নয়। প্রেসিডেন্ট যুদ্ধ দপ্তরের কাছ থেকে যা প্রত্যাশা করবেন, তা বাস্তবায়নে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
এ সময় হেগসেথ ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক নাম পরিবর্তনের প্রসঙ্গও উল্লেখ করেন।
এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক শক্তি মোতায়েন করেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। বিষয়টি নিয়ে বিভিন্ন বিকল্প পর্যালোচনা করা হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। দেশটিতে দাঙ্গা ও সহিংসতায় বহু হতাহতের ঘটনাও ঘটেছে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যায়, তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। যদিও অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দমননীতির বিরুদ্ধে শুরু হওয়া গণবিক্ষোভ বর্তমানে অনেকটাই স্তিমিত।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ার পর যদি তেহরান পুনরায় পারমাণবিক কর্মসূচি জোরদার করে, তবে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না।