| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসামের মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রীর

  • আপডেট টাইম: 30-01-2026 ইং
  • 112125 বার পঠিত
আসামের মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাম্প্রতিক মন্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তিনি আসামের বাংলাভাষী মুসলমানদের উদ্দেশে বলেন, ‘মিঞাঁ মুসলমানদের’ উচিত আসামে নয়, বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া। পাশাপাশি তিনি এমন মন্তব্যও করেন যে, “যে কোনোভাবে যেন মিঞাঁ মুসলমানদের উত্যক্ত করা হয়, যাতে তারা আসাম ছেড়ে চলে যান।

গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ‘মিঞাঁ মুসলমানদের’ বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি নিজেই জানিয়েছেন, মুসলমানদের বিরুদ্ধে তাঁর অবস্থান গোপন নয় এবং এতে কোনো রাখঢাকও নেই।

ভারতে ‘মিঞাঁ’ শব্দটি আসামের বাংলাভাষী মুসলমানদের উদ্দেশে ব্যবহৃত একটি কটূক্তি হিসেবে পরিচিত, যার মাধ্যমে তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার প্রবণতা রয়েছে।

এমন পরিস্থিতিতে আসামে কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে। এই সংশোধন প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে চলমান নিবিড় ভোটার তালিকা সংশোধনের থেকে আলাদা হলেও নির্বাচন-পূর্ব রুটিন প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, ভোটার তালিকা সংশোধনের সময় বিজেপি কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন সন্দেহজনক বিদেশিদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গুচ্ছ গুচ্ছ ‘সাত নম্বর ফর্ম’ জমা দিতে। তাঁর দাবি অনুযায়ী, ইতোমধ্যেই বিজেপি কর্মীরা প্রায় পাঁচ লাখ এমন ফর্ম জমা দিয়েছেন।

নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় কোনো ব্যক্তির নাম নিয়ে যে কেউ ‘সাত নম্বর ফর্ম’ জমা দিয়ে আপত্তি তুলতে পারেন। তবে এভাবে সংগঠিতভাবে বিপুল সংখ্যক ফর্ম জমা দেওয়ার নির্দেশ নিয়ে প্রশ্ন উঠেছে।

এই নির্দেশনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছে আসাম প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে বুধবার গুয়াহাটি হাইকোর্টে এ বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে হয়রানির পরিবেশ তৈরি করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪