তুরস্কে দক্ষিণাঞ্চলে আনতালিয়া শহরের কাছে মহাসড়কে রোববার (০১ ফেব্রুয়ারি) দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আনতালিয়া শহরের কাছে মহাসড়কে একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে গেলে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন। আনতালিয়া প্রদেশের গভর্নর হুলুসি শাহিন জানিয়েছেন আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
বার্তা সংস্থা ডিএইচএ জানিয়েছে, আনতালিয়া থেকে ইসপার্তা যাওয়ার মহাসড়কের বুরদুর এলাকায় আরেকটি দুর্ঘটনায় ৭ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। গভর্নর শাহিন জানান, বাসটি তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনতালিয়ার দিকে যাচ্ছিলেন। বাসে ৩৪ জন যাত্রীর মধ্যে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে কিছু যানা যায়নি।
আনতালিয়া উপকূলীয় অঞ্চলটি তুরস্কের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এ অঞ্চলে প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণ করেন। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল হয়ে থাকায় এবং আনতালিয়া এমন একটি সংযোগস্থল যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো বেশ ঝুঁকিপূর্ণ।