গত দুই সপ্তাহে জাপানে টানা ভারী তুষারপাতের কারণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
৯১ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ নিজ বাড়ির সামনে প্রায় তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে তুষার পড়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। জাপানের উত্তরাঞ্চলের আওমোরি অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনী উদ্ধার তৎপরতা ও তুষার সরানোর কাজ করছে। কিছু দুর্গম এলাকায় এখনো প্রায় সাড়ে চার মিটার পর্যন্ত তুষার জমে আছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভার বৈঠকে তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। জাপান সাগর উপকূলে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষার জমেছে বলে ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে।
আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা তুষার পরিষ্কার করা এবং একা বসবাসকারী বয়স্কদের সহায়তার জন্য সামরিক বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, তুষারের ভারে ভবন ধসে পড়া বা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানি হতে পারে।
স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার পরামর্শ দিয়েছে।