| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাইজেরিয়ার দুই গ্রামে সশস্ত্র হামলায় নিহত অন্তত ১৬০, নিখোঁজ রাজা

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 101178 বার পঠিত
নাইজেরিয়ার দুই গ্রামে সশস্ত্র হামলায় নিহত অন্তত ১৬০, নিখোঁজ রাজা

পশ্চিম নাইজেরিয়ার কোয়ারা রাজ্যের দুটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। চলতি বছরে দেশটিতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী সশস্ত্র হামলা বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কোয়ারা রাজ্যের ওরো ও নুকু গ্রামে এ হামলা চালানো হয়। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ওমর বিও জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে।

বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, ইসলামিক স্টেট–সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী লাকুরাওয়া এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

কাইয়ামা অঞ্চলের রাজনীতিক সাইদু বাবা আহমেদ জানান, হামলাকারীরা গ্রামবাসীদের একত্র করে হাত পেছনে বেঁধে নির্মমভাবে হত্যা করে। এ সময় বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তিনি বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন এবং মরদেহ শনাক্ত ও নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। গ্রামের ঐতিহ্যবাহী রাজাসহ বেশ কয়েকজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, হামলাকারীরা নিজেদের জিহাদি গোষ্ঠীর সদস্য হিসেবে পরিচয় দিত এবং প্রায়ই গ্রামে ধর্মীয় বক্তব্য রাখত। তারা গ্রামবাসীদের নাইজেরিয়ান রাষ্ট্রের প্রতি আনুগত্য ত্যাগ করে শরিয়াহ আইন মেনে চলার দাবি জানায়। এতে অস্বীকৃতি জানানোয় মঙ্গলবার একটি ধর্মীয় সমাবেশ চলাকালে তারা গুলি চালায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা ১৭০ জনেরও বেশি হতে পারে। সংস্থাটি জানায়, বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং দোকানপাট লুট করা হয়েছে। পাঁচ মাস ধরে হামলাকারীরা গ্রামবাসীদের হুমকিমূলক চিঠি পাঠিয়ে আসছিল বলেও দাবি করেছে মানবাধিকার সংস্থাটি।

কোয়ারা রাজ্যের গভর্নর আবদুলরহমান আবদুলরাজাক এই হামলাকে ‘চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের চাপে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হতাশাজনিত কাপুরুষোচিত প্রতিক্রিয়া’ বলে নিন্দা জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ারা রাজ্যের সীমান্ত নাইজার রাজ্যের সঙ্গে সংযুক্ত, যেখানে সাম্প্রতিক সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। সেনাবাহিনী সম্প্রতি এ এলাকায় তথাকথিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করেছে।

নাইজেরিয়া বর্তমানে একাধিক নিরাপত্তা সংকটে ভুগছে। দেশটিতে ইসলামিক স্টেট–সংশ্লিষ্ট অন্তত দুটি গোষ্ঠী সক্রিয় রয়েছে—একটি বোকো হারাম থেকে উদ্ভূত ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রদেশ (আইএসডব্লিউএপি) এবং অপরটি লাকুরাওয়া, যা ইসলামিক স্টেট সাহেল প্রদেশ নামেও পরিচিত।

এদিকে, একই দিনে উত্তর-পশ্চিমের কাটসিনা রাজ্যের ফাসকারি এলাকার ডোমা গ্রামে পৃথক এক হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এর আগের সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলে আরও অন্তত ৩৬ জন নিহত হয়।

সহিংসতা নিয়ন্ত্রণে কোয়ারা রাজ্যের কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয় এবং কয়েক সপ্তাহ ধরে স্কুল বন্ধ রাখা হয়েছিল। তবে সোমবার থেকে পুনরায় স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪