ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) যুক্তরাজ্যের নাগরিকদের অপরিহার্য বা জরুরি প্রয়োজন না হলে বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কোনো ভ্রমণেই নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় মনে করে ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচনকে সামনে রেখে গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি বিশেষ করে রাজনৈতিক সমাবেশ এবং ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা হতে পারে বলে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করা হয়েছে।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কোনো আগাম পূর্বাভাস ছাড়াই দ্রুত পরিবর্তিত হতে পারে,তাই ভ্রমণের ক্ষেত্রে আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থেকে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিসহ বড় ধরনের রাজনৈতিক সমাবেশ ও জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ, সাবধানে ভ্রমণ পরিকল্পনা করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত রাখতে বলা হয়েছে।