| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

  • আপডেট টাইম: 06-02-2026 ইং
  • 102328 বার পঠিত
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের স্থাপিত ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিয়ারগ্যাস নিক্ষেপের পর এলাকায় হইচই ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে টিয়ারগ্যাসের মধ্যেও অনেক আন্দোলনকারী অবস্থান ছেড়ে যাননি।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরবেন না। তারা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নবম পে কমিশন গঠন করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এর গেজেট প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।


এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন সরকারি চাকরিজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনার উদ্দেশে রওনা হন তারা। পথে পুলিশের বাধা, ব্যারিকেড এবং জলকামান থেকে পানি নিক্ষেপের ঘটনাও ঘটে।

উল্লেখ্য, দাবি আদায়ে এর আগে টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার সেই কর্মবিরতির সময় বাড়িয়ে চার ঘণ্টা করা হয়। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই আজ যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে।

সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪