| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান থেকে ট্রেনের বগি ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 99521 বার পঠিত
পাকিস্তান থেকে ট্রেনের বগি ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় দেশটি থেকে ট্রেনের বগি ও মালবাহী ওয়াগন কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উচ্চপদস্থ এক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফর করেন। সফরকালে তারা ইসলামাবাদ ও লাহোরের মুঘলপুরায় অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারেজ ফ্যাক্টরি ও ওয়ার্কশপ পরিদর্শন করেন। সেখানে ট্রেনের বগি, ওয়াগনসহ বিভিন্ন রেলওয়ে সরঞ্জাম উৎপাদনের কার্যক্রম সরেজমিনে দেখেন তারা।

পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় ওয়ার্কশপের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি প্রতিনিধিদলকে কারখানার কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা ও চলমান প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। পাশাপাশি ওয়ার্কশপের কাজকর্ম নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়।

এরপর প্রতিনিধিদলকে মুঘলপুরার লোকোমোটিভ ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়, যেখানে ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়।

বাংলাদেশের প্রতিনিধিরা জানান, এই সফর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান সুসম্পর্কেরই প্রতিফলন।

উল্লেখ্য, বর্তমানে পাকিস্তান রেলওয়ে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনাসহ চারটি দেশে ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে।

পাক রেলওয়ের কর্মকর্তা মুহাম্মদ নাসির খালিলি ডনকে জানান, শিগগিরই বাংলাদেশের রেলওয়ের একটি বিশেষজ্ঞ দল পাকিস্তান সফর করবে। এ সফরে তারা প্রযুক্তিগত দিকগুলো আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতসহ অন্যান্য দেশের সঙ্গেও ওয়াগন ও বগি কেনা নিয়ে আলোচনা করলেও পাকিস্তানের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছে ঢাকা।

এদিকে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে-টু-রেলওয়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতায় উভয় দেশই অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে লাভবান হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪