ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ক্রান্তীয় ঝড় ‘বাসিয়াং’-এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বন্যায় কয়েকশ গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ৬৪ হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে এবং ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স অফিস। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের তথ্য অনুযায়ী,মিন্দানাও দ্বীপে ভারি বৃষ্টিপাত ও ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী,উত্তর মিন্দানাও অঞ্চলে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে নদীগুলো প্লাবিত হয়ে ইলিগান সিটিসহ কয়েকটি অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ সেতু ভেসে যাওয়ায় অনেক জায়গায় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা।
প্রায় ১৬ হাজার পরিবারকে বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও,দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিমারোপা ও কারাগা অঞ্চলের ৮২টি সমুদ্রবন্দরে কার্যক্রম বন্ধ করে দেওয়ায় চার হাজারেরও বেশি যাত্রী এবং কয়েকশ মালবাহী জাহাজ মাঝপথে আটকা পড়েছে।