সৌদি আরব সরকার নিজেদের লাখ লাখ উটের জন্য বিশেষ ‘পাসপোর্ট’ ইস্যু করার পরিকল্পনা ঘোষণা করেছে। উটের বিশাল পালের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে,উট পালন খাতে ‘উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি এবং উট সম্পর্কিত একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরিতে সাহায্য করবে এ উদ্যোগ জানিয়েছে সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়।
গত মঙ্গলবার সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে সবুজ রঙের একটি পাসপোর্টে সৌদি আরবের জাতীয় প্রতীক এবং একটি সোনালি খোদাই করা উটের ছবি প্রকাশিত হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল আখবারিয়ার তথ্য অনুযায়ী, এই পাসপোর্ট উট কেনাবেচা এবং পরিবহনব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। এটি মালিকানা নিশ্চিত করার পাশাপাশি মালিকদের অধিকার রক্ষা করবে। উট ব্যবসার যাবতীয় লেনদেনকে দাপ্তরিক নথির আওতায় নিয়ে আসবে।
উট দীর্ঘকাল ধরে কেবল যাতায়াতের মাধ্যমই নয়,বরং এটি মালিকের আভিজাত্যের প্রতীকও। বর্তমানে সৌদি আরবে এটি অত্যন্ত লাভজনক ব্যবসায়িক শিল্পে পরিণত হয়েছে। ২০২৪ সালের সরকারি হিসাব অনুযায়ী, সৌদি আরবে উটের সংখ্যা প্রায় ২২ লাখ।
সৌদি আরবে প্রতিবছর উটের বিশাল উৎসব এবং সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজনে উটপ্রেমীরা তাদের প্রিয় উটের পেছনে লাখ লাখ ডলার খরচ করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে আয়োজকেরা উটের কৃত্রিম রূপচর্চা বা কসমেটিক পরিবর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে উটের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার ওপর জোর দিচ্ছে সরকার।