ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙামাটি ২৯৯ নম্বর আসনের দুর্গম চার উপজেলার ২০টি ভোটকেন্দ্রে গতকাল (শনিবার) থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকতা নাজমা আশরাফী।
২০টি ভোটকেন্দ্রে ৩৩ হাজার ১২ জন ভোটারের এ দুর্গম এলাকায় সড়ক ও নৌপথে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই কেন্দ্রগুলোকে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাঙামাটির ১৬১টি ভোটকেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক নেই এবং ৩৬টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় নির্বাচন পরিচালনায় বাড়তি চ্যালেঞ্জ রয়েছে।
ইতোমধ্যে বরকল উপজেলার ২টি, জুরাছড়ি উপজেলার ২টি এবং বিলাইছড়ি উপজেলার ১টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ১৫টি কেন্দ্রে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে এ কার্যক্রম চলবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।