পর্তুগালের বামপন্থী প্রার্থী আন্তোনিও হোসে সেগুরো রোববার পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে হারিয়েছেন ডানপন্থী প্রতিদ্বন্দ্বী আন্দ্রে ভেনতুরাকে। ৯৯ শতাংশের মধ্যে ভেনচুরা ৩৩.২ শতাংশ এবং সেগুরো ৬৬.৮ শতাংশ ভোট পেয়ে সেগুরো রক্ষণশীল প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সউসার উত্তরসূরি হতে যাচ্ছেন।
পর্তুগালে গত ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের কথা থাকলেও মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যার কারণে সেসব অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করে পরবর্তী ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয় গত ৭ ফেব্রুয়ারি শনিবার। তাই রোববার পর্তুগালের নির্বাচন কমিশন যে ফলাফল প্রকাশ করেছে, তা দ্বিতীয় দফা বা রান অফ নির্বাচনের।
আকস্মিক বন্যার কারণে পর্তুগালের নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন ঘোষণা করায় চেগা পার্টি’র আন্দ্রে ভেনতুরা পুরো ভোট বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানালে পর্তুগালের নির্বাচন কমিশন সেই দাবি আমলে না নিয়ে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন ঘোষণা করেন।
পর্তুগালের রাজনৈতিক কাঠামো ও শাসনতন্ত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত হলেও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মতো পুরোপুরি আলঙ্করিক নয়। তবে জরুরি অবস্থায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই পার্লামেন্টের বিলুপ্তি ঘোষণা করাসহ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা রাখেন। প্রেসিডেন্ট-নির্বাচিত হয়ে সেগুরো সব পর্তুগিজের নেতা হওয়ার অঙ্গীকার করে বলেন, ‘আজকের বিজয়ী হলো পর্তুগালের জনগণ ও গণতন্ত্র।’