মালয়েশিয়া থেকে কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ থাইল্যান্ডের উপকূলে ডুবে গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ১১৫ মিটার দৈর্ঘ্যর ‘এমভি সিলয়েড আর্ক’ জাহাজটিতে বাংলাদেশি আমদানিকারকদের মোট ২৯৭টি একক কনটেইনার পণ্য নিয়ে গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরুর দুই দিনের মধ্যেই থাইল্যান্ড উপকূলের কাছে এটি দুর্ঘটনার কবলে পড়ে।
বাংলাদেশে জাহাজটির স্থানীয় এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশের ব্যবস্থাপক মো. মুকুল হোসেন জানান, ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি হঠাৎ কাত হয়ে পড়ে এবং একপর্যায়ে ডুবে যায়। পরিস্থিতি বিবেচনায় জাহাজের ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।
দুর্ঘটনার পরপরই নিকটবর্তী একটি মাছ ধরার নৌযান এবং থাই নেভির একটি উদ্ধারকারী দল দ্রুত উদ্ধারকাজ শুরু করে। এতে জাহাজে থাকা ১৬ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে।