৩ দশমিক ২৫ লক্ষ কোটি রুপির প্রাথমিক বাজেটে ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর ওপর ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে ম্যাক্রোঁ আসার আগেই এ সংক্রান্ত যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
আগামী সপ্তাহে এ ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক অঙ্গসংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএকে) এ চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ১১৪টি রাফালের মধ্যে ১৮টি তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিবিমানগুলোতে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে ভারতেই তৈরি হবে। এই যুদ্ধবিমানগুলোর মধ্যে ৮৮টিতে এক জন পাইলটের বসার জায়গা থাকবে। বাকি ২৬টিতে দু’জন পাইলট বসতে পারবেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে।
২০২০ সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত ফ্রান্স থেকে পর্যায়ক্রমে ৩৬টি রাফাল এসেছে ভারতে। এসবের মধ্যে ৮টি দু’আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমানও রয়েছে। ২০২৫ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ‘নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী’ (সিসিএস) আরও রাফায়েল কেনার এবং যৌথ উদ্যোগে নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে তার ধারাবাকিতাতেই ভারতীয় বিমানবাহিনীকে ১১৪টি রাফায়েল মাল্টিরোল এয়ারক্র্যাফ্ট দেওয়ার পরিকল্পনা শুরু হয়।
ফ্রান্সের তৈরি রাফাল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৫০ হাজার ফুট ওপরে উঠতে সক্ষম। রাফাল একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী মেশিনগান বহন এবং অপারেশনে সক্ষম।