নিরাপত্তাজনিত কারণে ২০০৭ সালে বন্ধ করে দেওয়া ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব দীর্ঘ ১৯ বছর পর আবারও শুরু হয়েছে পাকিস্তানের লাহোরে। এবার সীমিত পরিসরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উৎসবটির আয়োজন করা হয়েছে।
লাহোরের আকাশে বসেছে রঙিন ঘুড়ির মেলা। উৎসবকে ঘিরে মানুষ বাড়ির ছাদে ঘুড়ি উড়িয়ে আনন্দে মেতে উঠছে। ঢোলের শব্দে বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। অতীতে এ বসন্ত উৎসবকে কেন্দ্র করে দুর্ঘটনার করুণ স্মৃতিও জড়িয়ে রয়েছে। ধারালো সুতায় পথচারী ও মোটরসাইকেল আরোহীর আহত হওয়া,ছাদ থেকে পড়ে প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে ২০০৭ সালে এটি নিষিদ্ধ করা হয়েছিল।
তবে এবার উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তিন দিনের সীমিত আয়োজনে বড় আকারের ঘুড়ি ও ঝুঁকিপূর্ণ সুতা নিষিদ্ধ করা, নাবালকদের ঘুড়ি ওড়ানো বন্ধ, মোটরসাইকেলের হ্যান্ডেলে ধাতব দণ্ড বসানো, কিছু সড়কে জাল বসানো হয়েছে এবং ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ছাদ ও আকাশ নজরদারিতে রাখা হচ্ছে।
উৎসব শুরুর আগেই বিপজ্জনক সুতা ও ঘুড়ির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে এক লাখের বেশি ঘুড়ি এবং দুই হাজারেরও বেশি সুতার রিল জব্দ করেছে বলে জানিয়েছেন লাহোর পুলিশের উপ-ইন্সপেক্টর জে নারেল।