দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণরত একটি এএইচ-১এস কোবরা অ্যাটাক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন সেনাসদ্য ও এক প্রশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বেলা ১১টার কিছু পরে অবতরণের প্রশিক্ষণ চলার সময় গ্যাপিয়ং জেলায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।
প্রশিক্ষণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভূমিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হলে ভেতরে থাকা দু’জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।
প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে গুরুতর আহত দুজনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনার কারণ সম্পর্কে বলা হয়েছে, ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের প্রশিক্ষণ চলার সময় হেলিকপ্টারটিতে গোলযোগ দেখা দেয়ায় তা মাটিতে আছড়ে পড়ে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বহরের সব এএইচ-১এস কোবরার যাবতীয় অপারেশন স্থগিত করা হয়েছে।