জাপানের সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ৪৬৫ আসনের মধ্যে ৩১৬টি আসন অর্জন করে নিরঙ্কুশ জয় পেয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
সরকার গঠনের জন্য ২৩৩টি আসন প্রয়োজন হলেও,পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ আসনেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এলডিপি। কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়ে বিপুল জনসমর্থন আদায় করেছেন তিনি। রোববার (৮ ফেব্রুয়ারি) দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা করা না হলেও উৎসব শুরু করেছে বিজয়ী দল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সানায়ে তাকাইচিকে আগাম অভিনন্দন জানিয়েছেন।
সানায়ে তাকাইচি ব্যক্তিগতভাবে ব্যাপক জনপ্রিয় হলেও তার দল এলডিপি সাম্প্রতিক সময়ে তহবিল জালিয়াতি ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে সমালোচনায় থাকায় দলের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের আশায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাস পরেই তিনি আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন।
পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাকাইচি এখন তার দীর্ঘদিনের স্বপ্ন জাপানের ‘শান্তিবাদী সংবিধান’ সংশোধনের পথে হাঁটতে পারবেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জাপানি সেনাবাহিনীর ওপর থাকা আইনি সীমাবদ্ধতা তুলে নেওয়ার সুযোগও তৈরি হবে।
তাকাইচি বলেন, ‘আমরা ক্রমাগত একটি দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের ওপর জোর দিয়েছি। আমরা আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেব এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করব।’