লিবিয়ার উপকূলে একটি রাবারের নৌকা ডুবে দুই শিশুসহ অন্তত ৫৩ অভিবাসী নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ধারণা তাদের সকলের মৃত্যু হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, ৫৫ আরোহী বহনকারী নৌকাটি ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে উত্তর-পশ্চিম লিবিয়ার আল-জাওইয়া এলাকা থেকে যাত্রা শুরু করে এবং প্রায় ছয় ঘণ্টা পর জুয়ারার উত্তরে ভূমধ্যসাগরে উল্টে গেলে মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। নৌকাটিতে বিভিন্ন আফ্রিকান দেশের শরণার্থী ও অভিবাসীরা ছিলেন বলে জানিয়েছেন জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা।
আইওএমের ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্টের’ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিপজ্জনক সেন্ট্রাল মেডিটেরানিয়ান রুটে অন্তত ১ হাজার ৩০০ জন এবং চলতি বছর এই পথে মৃত বা নিখোঁজ শরণার্থী ও অভিবাসীর সংখ্যা বেড়ে ৪৮৪ জনে দাঁড়িয়েছে। বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে শরণার্থী ও অভিবাসীরা এখনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন।