অধস্তন আদালতে ডিসেম্বর মাসজুড়ে টানা বার্ষিক ছুটি আর থাকছে না। এর পরিবর্তে বছরে দুই দফায় মোট এক মাস অবকাশকালীন ছুটি ভোগ করবেন অধস্তন আদালতের বিচারকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসে ১৫ দিন এবং ডিসেম্বর মাসে ১৫ দিন ছুটি থাকবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। চলতি বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এছাড়া একই সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে ছয়জন কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সচিবালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও সিদ্ধান্ত হয়।
ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশগ্রহণ করেন। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সভাটি অনুষ্ঠিত হয়।