| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অস্ত্রই হুমকি: আইজিপি

  • আপডেট টাইম: 10-02-2026 ইং
  • 99530 বার পঠিত
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অস্ত্রই হুমকি: আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অস্ত্রই আইনশৃঙ্খলার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, যেকোনো অস্ত্রই থ্রেট। শুধু লুট হওয়া অস্ত্র নয়, বিভিন্নভাবে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করে। এসব মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৈধ অস্ত্র জমাদানের অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র মালিকদের কাছ থেকে জমা নেওয়া হয়েছে। কতগুলো অস্ত্র এখনো জমা পড়েনি এ বিষয়ে তিনি বলেন, সংখ্যাটি খুব বেশি নয়। অনেক অস্ত্রের মালিক বিদেশে অবস্থান করায় তারা অস্ত্র জমা দিতে পারেননি, তবে এই সংখ্যা নগণ্য।

আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বৈধ অস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ভোটগ্রহণ যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশের ব্যাপক প্রস্তুতির কথা তুলে ধরে তিনি জানান, এবারের নির্বাচনে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে সাজানো হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ব্যবহার করা হবে বডি ক্যামেরা। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করবেন পুলিশ সুপাররা।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সব প্রস্তুতির মাধ্যমে এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪