৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা সবাই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মঙ্গলবার বিকেলে পিএসসি এ ফল প্রকাশ করে। কমিশন জানায়, প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে জানা যাবে।
এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে যে কোনো মোবাইল ফোন থেকে PSC50 লিখে একটি স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে প্রার্থীর ফলাফল ‘Qualified’ অথবা ‘Not Qualified’ হিসেবে জানানো হবে।
এদিকে পিএসসি জানিয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে পারে। লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িকভাবে যোগ্য ঘোষিত কোনো প্রার্থী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, প্রয়োজনীয় ডকুমেন্টস উপস্থাপন করতে ব্যর্থ হলে অথবা প্রতারণার আশ্রয় নিলে তার প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য প্রদান, জাল সনদ দাখিল কিংবা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদে কোনো ধরনের কারচুপি প্রমাণিত হলে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হতে পারে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ১৯০টি কেন্দ্রে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ, যেখানে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগের কথা রয়েছে। নন-ক্যাডার পদ রয়েছে ৩৯৫টি।