ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষের গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হবে এবং নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।
সিইসি জানান, নির্বাচনে দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিবিড় নজরদারি থাকবে এবং তারা কমিশনের নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করবেন। ভোট শেষে পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, যেকোনো অনিয়ম বা ব্যত্যয় শনাক্তে আধুনিক প্রযুক্তি ও থার্মাল লেন্স ব্যবহার করা হবে। শুরু থেকেই নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
জনআস্থা বাড়াতে ‘গভীর অর্থবহ’ সম্পৃক্ততার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, নির্বাচনে অভিভাবক ও স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেওয়া হচ্ছে। নির্বিঘ্ন ভোটগ্রহণে ভোটারদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন তিনি।
এদিকে, নির্বাচনের অংশ হিসেবে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। ঢাকাসহ বড় শহরগুলোতে সন্ধ্যার মধ্যে ব্যালট পৌঁছানোর কথা রয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর ইন্তেকালের কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে। তবে বিকেল সাড়ে ৪টার পরও যদি কোনো ভোটার কেন্দ্রের চৌহদ্দির মধ্যে অপেক্ষমাণ থাকেন, আইন অনুযায়ী তাদের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। এছাড়া বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের একটি রেকর্ডকৃত ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।