ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকাকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের দিনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সাধারণ পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সোয়াট, কে-৯ ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মতো বিশেষায়িত দল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকায় ডিএমপির মোট ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন রয়েছেন। ভোটকেন্দ্রের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স দায়িত্ব পালন করবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান।
ডিএমপির এই কর্মকর্তা জানান, নির্বাচনকে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কোনো ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হুমকি বা ঝুঁকির তথ্য নেই। তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত
ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে আপনাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ সবসময় আপনাদের পাশে রয়েছে।
ডিএমপি আশা প্রকাশ করেছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে রাজধানীতে ভোটগ্রহণ সম্পন্ন হবে।