ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক রাজধানীর পল্লবীর আহছানিয়া মিশন স্কুলে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে তিনি তার পরিবারকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, গতকাল (১১ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে টাকা নিয়ে, অনেকেই কেন্দ্র দখল করতে গিয়ে,বিক্ষিপ্তভাবে ষড়যন্ত্রের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ়তা ও বিএনপির কর্মীদের সতর্কতায় জামায়াতের ষড়যন্ত্র রুখে দেওয়া গেছে বলে জানান তিনি।
আমিনুল হক বলেন, এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। আশা করি আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব। আজ ভোটদানের মাধ্যমে ‘রাজাকারদের’ প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ।
ফলাফল যাই হোক মেনে নেবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমরা শতভাগ আশাবাদী। আমরা জনগণের রায়ে আস্থাশীল। জনগণের রায়ে আস্থা রেখে ভবিষ্যত পরিকল্পনা সাজাব।