অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএসে অবস্থিত স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমরা যেন উৎসবমুখরভাবে উদযাপন করতে পারি। আল্লাহ দিলে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর ইলেকশন হবে।”
একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “ভিডিওটি আমাকে দিয়েন, দেখব। এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখব।”
কেন্দ্র দখলের বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম বলেন, “কোনো কেন্দ্র দখলের খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।”
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।