| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 96859 বার পঠিত
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোথাও কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গত ছয় মাস ধরে গুজব শুনতেছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু আজকে আপনারা নিজেরাই দেখতেছেন চমৎকার ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নেই, কোনো শঙ্কাও নেই।

তিনি জানান, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সেই দিকেই এগোচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর মানুষ তাদের নাগরিক অধিকার ভোগ করছে উল্লেখ করে তিনি বলেন, আমিও আনন্দিত। এই ভোটে আমিও শরিক হলাম।

সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে জানিয়ে কমিশনার বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফলাফল মেনে নেওয়ার বক্তব্য এসেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “টিভি স্ক্রিনে দেখলাম, উভয় দলই বলছে ফলাফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে, সবাই সেটা মেনে নেবেন এটাই স্বাভাবিক।”

দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ সাজ্জাত আলী বলেন, এই কেন্দ্রেই ২০১৮ সালের নির্বাচনে আমি ভোট দিতে এসেছিলাম। তখন আমার বাসা এখানে ছিল। গেট পার হয়ে ভেতরে গেলে আমাকে বলা হয়, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এই কথা শুনে আমি গেট থেকেই ফিরে গিয়েছিলাম।

বর্তমানে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা শেখ সাজ্জাত আলী আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪