বান্দরবান (৩০০ নং আসন) এলাকায় বৃহস্পতিবার ভোট উৎসবের পরিবেশে চলছে। বিভিন্ন ভোট কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে।
জেলা শহরের বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দিন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে। বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মিলাটন মুহুরী জানান, সকাল ৯টা পর্যন্ত মাত্র ৬ শতাংশ ভোট পড়লেও পরে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ও পুরুষ ভোটাররা উৎসাহ নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান জানালেন, এখানে মোট ভোটার ২,২৬০ জন, যার মধ্যে পুরুষ ১,১১৫ ও নারী ১,১৪৫ জন।
বান্দরবান (৩০০ নং) আসনে এইবার চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির সাচিং প্রু, এনসিপির আবু সাঈদ মো. সুজাউদ্দীন, জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল কালাম। আসনে মোট ভোটার ৩,১৫,৪২২ জন, যার মধ্যে নারী ১,৫৩,৬৪৭ ও পুরুষ ১,৬১,৭৭৫। ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৭ ও ভোট কক্ষ ৭২৯টি।
সকালে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ সাংবাদিকদের জানান, ‘আমি ৮-১০টি কেন্দ্র ঘুরেছি, এখনো কোন ঝামেলা দেখতে পাইনি।’
ভোটার মানুচিং মারমা জানান, ‘ভোটার নম্বর পেতে দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে, এরপর ভোট দিতে পেরেছি।’
বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।’