ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি সারা দেশের ভোটের চিত্র মনিটর করেন।
এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও উপস্থিত ছিলেন।
দেশব্যাপী ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দেশের ২৯৯টি সংসদীয় আসনে, যেখানে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ২,৪৭,৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।
এবার নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন, স্বতন্ত্র ২০ জন) অন্তর্ভুক্ত।
দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, এবং হিজড়া ভোটার ১,২৩২ জন।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে এই আসনটি বাদে বাকি ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।