চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনায় জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি স্থানে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সমন্বয় সেলের তথ্য বলছে, দুপুর ২টা পর্যন্ত দেশের সব কেন্দ্রের মধ্যে ১৪টি স্থানে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। সারাদেশে ১৩৫ জায়গায় বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এছাড়া দেশের ৪৮৬টি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
এদিকে তিনটি জায়গায় ব্যালট বাক্স ছিনতাই চেষ্টা করা হয়েছে এবং ৬ জন প্রার্থীকে মারধরের ঘটনাও ঘটেছে। ৫৯টি জালভোট, ১৮ জনকে ভোট দিতে বাধা দেওয়া, ৪টি স্থানে অগ্নিসংযোগের ঘটনাসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি।